
আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা ঘোষিত এ দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো “টেকসই উন্নয়নে পর্যটন”। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল উদ্দেশ্য।
এ উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এ শিল্পের বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “পর্যটন বর্তমানে বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও এ খাতের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পর্যটন শিল্পের বিকাশ স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখছে।”
১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিস্ট পুলিশসহ সরকারি-বেসরকারি সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।