ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ । ২০৮ জন

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করে পুরস্কৃত করা হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বায়ুদূষণ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর কারণে দেশের বায়ুর মান উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য গুরুতর বিপদ ডেকে আনছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্জ্য পোড়ানো হয়-এমন স্থানগুলোর সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নাগরিকদের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি climatechange2@moef.gov.bd
ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। ছবির সঙ্গে প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে।

প্রতি মাসে প্রাপ্ত ছবির মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।