
মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) বেলা ১০টার দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৩)। তিনি রোববার বেলা ১০টার দিকে মাঠে গরু চরাতে যায়। ওই সময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়।
ওই বজ্রপাতে যুবক রিপন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
গাজীপুর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন, মাঠে গরু চরাতে গিয়ে রিপন হাওলাদার বজ্রপাতে নিহত হয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন তারাই ব্যবস্থা নিবেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।