
বগুড়ার গাবতলীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।
নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বিষয়টি নিশ্চিত করে জানান, “দুপুরে বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন।”
স্থানীয়রা জানান, দুপুরে এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম ইছামতী নদীর তীরমোহনী মাঠে ঘাস কাটতে যান। এসময় আকস্মিক বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম বলেন, “বজ্রপাতের বিকট শব্দ আর চিৎকার শুনে নদী পার হয়ে মাঠে গিয়ে দেখি তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি।”
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”