
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানজিনা নিজ ঘরের ভেতরে অবস্থান করছিল। এ সময় বাড়ির পাশেই হঠাৎ বজ্রপাত হলে প্রচণ্ড শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক স্ট্রোক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের বিকট শব্দে ওই কিশোরীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”