
বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে দৃশ্যমান হবে। বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলবে এই মহাজাগতিক দৃশ্য। এ সময় আকাশে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত।
চাঁদের নিজস্ব আলো নেই; সূর্যের আলো প্রতিফলিত হয় বলেই আমরা তা দেখতে পাই। কিন্তু পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লেই ঘটে চন্দ্রগ্রহণ।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদের রং লালচে হয়ে যায়। এর বৈজ্ঞানিক কারণ হলো সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে প্রতিসরিত হয়ে চাঁদের দিকে পৌঁছায়। এই প্রতিসরণের সময় নীল ও সবুজসহ স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের রংগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, কিন্তু লাল রং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের কারণে সহজে ছড়ায় না। ফলে লাল আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হয়, আর আমরা দেখি রক্তিম চাঁদ।
আজকের গ্রহণে পৃথিবীর ‘প্রচ্ছায়া’ ও ‘উপচ্ছায়া’র ভেতর দিয়ে চাঁদ অতিক্রম করবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও স্পষ্টভাবে দেখা যাবে এই বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য।