
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল- বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। আগামী কয়েকদিন এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, যা ধীরে ধীরে দেশের অন্যান্য অংশেও প্রভাব ফেলবে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিমমুখী হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (৫ নভেম্বর) থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে। এদিন ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কিছুটা কমে এলেও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার (৭ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচদিনে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে।