
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৬টায় এটি উত্তর অন্ধ্র–দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে অবস্থান করছিল। লঘুচাপটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আজকের (১৮ আগস্ট) পূর্বাভাস
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী দিনের পূর্বাভাস
১৯ আগস্ট: সারাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২০ আগস্ট: সারাদেশের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে, কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২১ আগস্ট: রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
২২ আগস্ট: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।