
অক্টোবরের শেষভাগে এসেও দেশের আকাশে মেঘ আর বৃষ্টির ধারা থামছে না। সকাল গরম, বিকেলে হঠাৎ বৃষ্টি-এই চেনা আবহাওয়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর, যা দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়াতে পারে।
সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে (২৪ অক্টোবরের দিকে) দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্য অংশে আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।
আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, “আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি ঘনীভূতও হতে পারে। তবে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে কমে এলেও এর প্রস্থানের আগে স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ ও জলীয় বাষ্পের কারণে এই বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায় সাম্প্রতিক বৃষ্টিগুলোর পেছনেও এই কারণই কাজ করছে।
আবহাওয়াবিদেরা বলছেন, অক্টোবর মাসে এমন পরিস্থিতি স্বাভাবিক। মাসের শুরুতে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে-এর মধ্যে একটি ইতোমধ্যেই হয়েছে। বাকি দুটি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, যার অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড়ের মৌসুম মূলত এপ্রিল–মে এবং অক্টোবর–নভেম্বর মাসে। সাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে এই সময় ঝড় সৃষ্টির আশঙ্কা বেশি থাকে। অতীত অভিজ্ঞতা বলছে, বড় ধরনের ঘূর্ণিঝড় সাধারণত নভেম্বরেই হয়ে থাকে। ফলে চলতি অক্টোবর মাসেও বড় কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।