
(FILES) People stand near over water hoses spilling water to provide relief from the summer heat as part of Colognes climate adaptation measures in Cologne, western Germany on June 25, 2026 during a heatwave in Europe. According to the the World Weather Attribution group of scientists, human-caused climate change is "unequivocally" responsible for the intensity of a record-breaking heatwave scorching Europe. It would have been "virtually impossible" for such exceptional temperatures to occur in June fifty years ago. (Photo by Ina FASSBENDER / AFP)
রেকর্ডভাঙা তাপদাহে বিপর্যস্ত ইউরোপ। তীব্র গরমে ফ্রান্সে এক সপ্তাহে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশেও তাপপ্রবাহ প্রাণঘাতী রূপ নিয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েকদিনেও ইউরোপের বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৮ জুনের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ২৫ জন বেড়েছে, যা প্রায় ৩০ শতাংশ বেশি। শুধু রাজধানী প্যারিসেই মৃত্যুর হার বেড়েছে ৬২ শতাংশ।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, তাপপ্রবাহ শুরুর পরের সপ্তাহে দেশটিতে মোট ৮ হাজার ৯৭৩ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৪৮। যদিও এই পরিসংখ্যান এখনও প্রাথমিক এবং চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ২৪ জুন ফ্রান্সে দেশের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। ওইদিন রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। পরিস্থিতির কারণে দেশের অর্ধেক এলাকায় সর্বোচ্চ পর্যায়ের ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছিল।
এদিকে, বেলজিয়ামে তাপপ্রবাহের সময় স্বাভাবিকের তুলনায় ১ হাজার ২২২ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেশি। মৃতদের প্রায় অর্ধেকের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি।
ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, নেদারল্যান্ডসেও গত সপ্তাহে তীব্র গরমের কারণে প্রায় ৪৮০ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ফ্রান্সে দাবদাহের প্রভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও বেড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১৮ জুন থেকে এ পর্যন্ত পানিতে ডুবে ৭২ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। ফলে প্রবীণ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকি আরও বেড়ে গেছে। আগামী কয়েকদিনেও ইউরোপের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।