
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ৫ জুন পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এবারের দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করতে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
এই উপলক্ষে স্ক্রল আকারে দিবসটির প্রতিপাদ্য ও স্লোগান ৪ ও ৫ জুন বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় জনস্বার্থে বিনা খরচে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্ক্রল বার্তায় উল্লেখ থাকবে:
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’; স্লোগান- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। —পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
তবে, ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে ২৫ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা।
তিনি ওই দিন জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলা উদ্বোধনের পাশাপাশি জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক প্রদান করবেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে দেশব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।