
আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদ-নদীতে পাহাড়ি ঢল নামার আশঙ্কা করা হচ্ছে। উজান থেকে নেমে আসা প্রবল পানির তোড়ে নদীর পানি হঠাৎ বেড়ে যেতে পারে, যা নিম্নাঞ্চলগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ২০ মে (মঙ্গলবার) সকাল ৮:১৫ মিনিটের পর থেকে শুরু করে আগামীকাল ২১ মে (বুধবার) দুপুর ১২টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এক নাগাড়ে মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় তীব্র বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সতর্কতা ও করণীয়
নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হচ্ছে। নদীর পাড়ে অবস্থানকারী জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষার জন্য খোলা জায়গা এড়িয়ে চলুন এবং গাছের নিচে আশ্রয় গ্রহণ করবেন না।