
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনোয়ার প্রভু (৫৫) এবং তার ছেলে নিমাই (২৩)। জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে কাজ করতে যান আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইউপি সদস্য কবিন্দ্র বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে বাবা ও ছেলে দুজনই প্রাণ হারান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।