
প্রতিদিন বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো থাকে—এমন প্রচলিত ধারণা এবার বৈজ্ঞানিক গবেষণায়ও বেশ ইতিবাচকভাবে উঠে এসেছে। নিয়মিত বাদাম খেলে মস্তিষ্কের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর হয় কি না, তা খতিয়ে দেখতে নেদারল্যান্ডসের মাস্ট্রিচ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একদল গবেষক সম্প্রতি গবেষণা পরিচালনা করেছেন। ফল প্রকাশিত হয়েছে ‘ফুড অ্যান্ড ফাংশন’ জার্নালে।
গবেষণায় ৬০ থেকে ৭৫ বছর বয়সী ৩১ জন সুস্থ প্রাপ্তবয়স্ককে টানা ১৬ সপ্তাহ প্রতিদিন ৬০ গ্রাম করে লবণবিহীন, খোসাসহ ভাজা বাদাম খেতে দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে গবেষকেরা দেখেন, নিয়মিত বাদাম খাওয়ার ফলে মস্তিষ্কের ডান গোলার্ধের হিপ্পোক্যাম্পাসসহ স্মৃতিশক্তি ও জ্ঞানীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত অংশগুলো ইনসুলিনের প্রতি আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। এর আগে ২০২৫ সালে একই গবেষণা দল জানিয়েছিল, ১৬ সপ্তাহ বাদাম খাওয়ার ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ ৩.৬ শতাংশ এবং মৌখিক স্মৃতিশক্তি ৫.৮ শতাংশ পর্যন্ত বাড়ে।
গবেষকদের মতে, বাদামে থাকা স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, আঁশ, ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এল-আর্জিনাইন নামের অ্যামিনো অ্যাসিড রক্তনালির কার্যকারিতা উন্নত করে, যা পরোক্ষভাবে মস্তিষ্কের সক্ষমতা বাড়ায়।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, ফলাফল আশাব্যঞ্জক হলেও বাদাম সরাসরি আলঝেইমার বা ডিমেনশিয়া প্রতিরোধ করে—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো যায়নি। এ বিষয়ে আরও নিশ্চিত হতে ভবিষ্যতে আরও বড় পরিসরে ও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।