
পিরোজপুরের নেছারাবাদে প্রায় ৬০ বছর আগে নির্মিত দুটি আয়রন স্লিপার ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। জরাজীর্ণ এসব ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী-সবাইকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। বারবার অভিযোগ জানিয়েও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এবার ব্রিজ দুটি দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাটা-দৈহারী জামে মসজিদ সংলগ্ন দৈহারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে মসজিদ ও মাদরাসা-এতিমখানার সামনের সংযোগকারী ব্রিজ দুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৯৬৬ সালে নির্মিত ব্রিজ দুটি প্রায় ৬০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে। দুটি ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে এগুলোর সংস্কারকাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
বক্তারা আরও জানান, ব্রিজ দুটি সংস্কারের দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদে তিনবার এবং জেলা পরিষদে একবার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে একাধিকবার ব্রিজ দুটি মেরামত করেছেন। বর্তমানে ঝুঁকি নিয়েই প্রতিদিন এসব ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, ব্রিজ দুটি দিয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি এতিমখানার শিক্ষার্থীসহ আশপাশের পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। এ ছাড়া কাটা-দৈহারী কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরাও নিয়মিত ব্রিজটি ব্যবহার করেন। জরাজীর্ণ ব্রিজ দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
মানববন্ধনে ১০৭ নম্বর দৈহারী-ভরতকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপর্ণা রানী বলেন, প্রায় ৬০ বছর আগে নির্মিত এই আয়রন ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। প্রতিবছরই ব্রিজ দিয়ে চলাচলের সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে ব্রিজটি দ্রুত মেরামত করা জরুরি।
স্থানীয় যুবক ও সমাজসেবক মো. শামসুল হক হাওলাদার বলেন, ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে প্রতিদিন পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজে সরকারিভাবে কোনো সংস্কারকাজ হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার মেরামত করা হলেও জনপ্রতিনিধি কিংবা সরকারি বরাদ্দের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজ দুটি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক নুর ইসলাম তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল বেপারী, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোবেন চৌধুরী, আলাউদ্দিন হাওলাদার, মাসুদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে বক্তারা জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ দুটি সংস্কারের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তারা।