
বাংলাদেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে আজ সোমবার (৩ জুন) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা ও রাজশাহী ছাড়া দেশের ছয়টি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এলেও পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বিশেষত সিলেট ও চট্টগ্রাম বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও হালদা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র নদে পানি বাড়ছে এবং যমুনায় পানি স্থিতিশীল রয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ফেনী জেলার নদীতীরবর্তী কিছু এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, সিলেট ও আশপাশের নদ-নদীর সাতটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, চলতি বছর স্বাভাবিক সময়ের আগেই অর্থাৎ ২৪ মে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত বেড়ে যায় এবং নদ-নদীর পানিও বাড়তে শুরু করে। যদিও নিম্নচাপটি ইতোমধ্যে কেটে গেছে, তবে মৌসুমি বায়ুর সক্রিয়তা বজায় থাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল ছয়টার পর বৃষ্টির মাত্রা আরও বেড়েছে, যার পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।