
জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) এ মূল্য ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।
তবে সরকার নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভোক্তাদের দাবি, নির্ধারিত মূল্যের তুলনায় বাড়তি দামে-কোথাও দুই হাজার টাকা পর্যন্ত-এলপি গ্যাস বিক্রি করা হচ্ছে। অনেক এলাকায় এই অতিরিক্ত দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
এলপি গ্যাসের দাম বারবার বাড়ানো এবং নির্ধারিত দামে বাজারে সরবরাহ নিশ্চিত না হওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বাজার তদারকি জোরদার করে নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভোক্তারা।