
বাংলাদেশের আটটি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় সূর্য উঠবে ভোর ৫টা ২৭ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় সর্বাধিক ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টাঙ্গাইলে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।