
দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে সরকারি সংস্থাটি সতর্কবার্তা দিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার মধ্যে দেওয়া সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ের সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এই সময়ে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।