
রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।