দেশের আবহাওয়া পরিস্থিতিতে আবারও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে, যার প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিন (১৯ এপ্রিল)
আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায়ও দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তৃতীয় দিন (২০ এপ্রিল)
এই দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
চতুর্থ দিন (২১ এপ্রিল)
২১ এপ্রিল সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পঞ্চম দিন (২২ এপ্রিল)
পঞ্চম দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পাঁচ দিনের পরবর্তী সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গরমের অনুভূতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


