
দেশের পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সংরক্ষণের উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তর আজ একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। পলিথিন, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় জরিমানা আরোপ এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।
নওঁগা ও নীলফামারী জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্টে ৩টি মামলার মাধ্যমে ২,৮০০ টাকা জরিমানা আদায় এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই দিনে রাজধানীর কাওরানবাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়। বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।
ঢাকার কাকরাইল এলাকায় যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের জন্য পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জামালপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও পিরোজপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে ১৫,৮০০ টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট ড্রাইভারদের সতর্ক করা হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার বসিলা এলাকায় নির্মাণ সামগ্রীর কারণে বায়ুদূষণ সৃষ্টি হওয়ায় ২টি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে নাগরিকদের স্বাস্থ্য রক্ষা ও দেশের পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা যায়।