
পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ পলিথিন, শব্দদূষণ, কালো ধোঁয়া এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পলিথিন জব্দ ও জরিমানা:
যশোর এবং ঢাকার চকবাজার ও শান্তিনগরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৭টি মামলায় ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় এবং ১,২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা লিফলেট বিতরণ করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ:
কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জে ৬টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ১৯টি মামলায় ২৬,৮০০ টাকা জরিমানা আদায় এবং ৩০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এসময় যানবাহনের কয়েকজন চালককে সতর্ক করা হয়।
কালো ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণ:
ঢাকার খিলক্ষেতে মানমাত্রার অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পরিবহনের চালকদের সতর্ক করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ:
পঞ্চগড় ও ঢাকার বনশ্রী এবং রামপুরায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে আরও সচেতন করতে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করা হবে।