
মাসের প্রথম দিনেই বরিশাল ও চট্টগ্রাম ছাড়া দেশের প্রায় সব বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার। আজ রোববার (২ নভেম্বর)ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে আজ সকাল ৭টায় জানানো হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।