
দেশের অন্তত ১১টি অঞ্চলে আজ রোববার (১ জুন) দুপুর ১টার আগেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
এই ঝড়ের কারণে নদীপথে সাময়িক ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দেশের সর্বত্র দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদরা হঠাৎ ঝড়ো হাওয়ার আশঙ্কার কারণে সবাইকে, বিশেষ করে নদীপথে চলাচলকারীদের দুপুরের আগেই সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ঝড়ের সময় খোলা জায়গায় না থাকার আহ্বানও জানিয়েছেন তারা।