
দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার (২৫ মে) সকালে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বনের পাশাপাশি নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।