
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্ডিদাসপুর-হরিপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল উপজেলার বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. দিলদার রহমানের ছেলে।
আহতরা হলেন—মো. নূরনবী ও মো. গোলজার রহমান। তারা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম জানান, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুই কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
তিনি বলেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ না করার এবং সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানান তিনি।