
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ভারি বর্ষণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক যানবাহন ও মানুষের চলাচল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।
রোববার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য নিশ্চিত করেছে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণের কারণে উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে নদ-নদীর পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারি বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যান ও রিকশাচালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
স্থানীয় ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী নেই। সারাদিন ভ্যান নিয়ে ঘুরেও তেমন আয় হচ্ছে না।
বাজারের জান্নাত হোটেলের মালিক রানা ইসলাম জানান, ক্রেতা কমে যাওয়ায় তাদের বিক্রি অর্ধেকেরও নিচে নেমে এসেছে। একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন স্থানীয় চা দোকানি ও অটোরিকশাচালকরাও।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকা এবং সাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় উত্তরাঞ্চলে জলীয়বাষ্পের আধিক্য সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই ভারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী এক সপ্তাহ এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।