ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

তেঁতুলিয়ায় ফের শীতের দাপট

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ণ । ১৬৯ জন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও নেমে এসেছে শীতের দাপট। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় দেশের উত্তরের এই সীমান্ত উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় ঘেঁষা এই অঞ্চলে হিমশীতল বাতাসের প্রভাবে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের চাপ আরও স্পষ্ট করেছে।

গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে রাত্রি থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়ছেন যাতায়াতকারীরা।

তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। অনেকে সকালে কাজে বের হতে পারছেন না। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড়, খড়কুটো ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ঠান্ডা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। স্থানীয় হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও নিউমোনিয়াজনিত রোগীর চাপও বাড়ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। আজ তেঁতুলিয়ার তাপমাত্রা আবারও ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সকাল ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।”

চলমান শীতপ্রবাহ আরও জোরদার হলে তেঁতুলিয়া–সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি।