
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। বছরের এই সময়ে হিমালয় সংলগ্ন এ উপজেলায় তাপমাত্রা দিনে দিনে কমছে। গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় শীত সবচেয়ে আগে নেমে আসে এ অঞ্চলে। ফলে ডিসেম্বরের শুরুতেই তেঁতুলিয়ার আবহাওয়া হয়ে ওঠে শীতল ও শিরশিরে। গতকালও এখানে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, এ অঞ্চলে সন্ধ্যা ও রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। ভোরে সূর্য ওঠার পর কিছুটা কমলেও সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকে। এরপর বইতে শুরু করে হিমেল হাওয়া, যা সন্ধ্যা থেকেই ঠান্ডার মাত্রা বাড়িয়ে দেয়।
এদিকে টানা শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। তেঁতুলিয়ায় শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া কর্মকর্তা।
শীতের তীব্রতা বাড়ায় সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।