
উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৯টায় লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা তীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টায় দোয়ানী পয়েন্টে তিস্তার পানি ছিল ৫১ দশমিক ৯৫ মিটার। শনিবার সকাল ৬টায় তা ১৫ সেন্টিমিটার বেড়ে ৫২ দশমিক ১০ মিটারে পৌঁছে। তবে সকাল ৯টায় পানি কিছুটা কমে ৫২ দশমিক ০২ মিটারে নেমে আসে। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত চরাঞ্চলের বসতবাড়িতে পানি প্রবেশ করেনি। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে নদীর পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে। বর্তমানে নদী তীরবর্তী এলাকায় কোনো ধরনের উদ্বেগজনক পরিস্থিতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
তবে পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।