
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মণিপুর।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ৩১ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে, যা মাঝারি গভীরতার ভূকম্পন হিসেবে বিবেচিত।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল প্রায় ১০০.৬ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কম্পনে অনেক এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।