
দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মহারাষ্ট্র ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং শিগগিরই গুরুত্বহীন হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে মৌসুমী বায়ুর অক্ষ এখনও সক্রিয় রয়েছে, যা উত্তর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এরই মধ্যে আগামী ১ অক্টোবর আবারও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব আবহাওয়াগত অবস্থার প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়, ২৯ সেপ্টেম্বর ২০২৫: ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৫: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
১ অক্টোবর ২০২৫: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২ অক্টোবর ২০২৫: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।