
রাজধানী ঢাকায় শনিবার (৯ আগস্ট) রাতের বৃষ্টি শেষে রবিবার সকালে (১০ আগস্ট) উঁকি দিয়েছে রোদ। কর্মব্যস্ত মানুষেরা ছুটছেন গন্তব্যে, তবে আজ স্বস্তির খবর—বায়ুদূষণের কারণে স্বাস্থ্যহানির শঙ্কা নেই।
সকাল ৯টার দিকে ঢাকার বায়ুমানের একিউআই স্কোর ছিল ৫০, যা বায়ুমান সূচক অনুযায়ী ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। এর ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নেমে এসেছে ৭৫তম স্থানে।
গত কয়েকদিন ধরেই ঢাকার বাতাস তুলনামূলক কম দূষিত ছিল, সাধারণত ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও আজ তা স্বাস্থ্যকর পর্যায়ে এসেছে। বর্ষা মৌসুমে ঢাকার বাতাস সাধারণত ভালো থাকে, তবে বছরের অন্য সময় এটি বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকার প্রথম দিকেই থাকে।
আজ দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকার চেয়ে বায়ুদূষণ বেশি ভারতের দিল্লিতে (স্কোর ১২২, ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’) এবং পাকিস্তানের লাহোরে (স্কোর ৯০, ‘মাঝারি’)। একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা (১৯৬), দ্বিতীয় স্থানে সৌদি আরবের রিয়াদ (১৬০) এবং তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮)।
একিউআই সূচকে ৫০-এর নিচে ‘ভালো’, ৫০–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষকের ভিত্তিতে— পিএম১০ ও পিএম২.৫ কণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন।