
ঢাকায় আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে রাজধানীজুড়ে গরমের অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দেওয়া ৬ ঘণ্টার সংক্ষিপ্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা থাকায় দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনাও নেই।
তবে দেশের বাকি অংশে মিলছে ভিন্ন চিত্র। সারাদেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেটের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অক্টোবরের শেষ প্রান্তেও রাজধানীতে গরমের তীব্রতা এখনও অনুভূত হচ্ছে। বৃষ্টির দেখা না পেলে নাগরিকদের এই অস্বস্তি আরও কিছুদিন সহ্য করতে হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্টরা।