
রাজধানী ঢাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ থাকবে আংশিক মেঘলা এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। এতে ভ্যাপসা গরমের অনুভূতি থাকার আশঙ্কা রয়েছে।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ সময়ের বৃষ্টিপাত স্বস্তি দিলেও উচ্চ আর্দ্রতার কারণে জনজীবনে অস্বস্তি থাকতে পারে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।