
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান রক্ষায় পার্ক, খেলার মাঠ ও জলাধার সংরক্ষণে সরকারি বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫’-এ প্রস্তাবিত এসব স্থানের জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবহার পরিবর্তন রোধে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে চিঠি পাঠানো হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ডিএনসিসি।
ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক, জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), সাবরেজিস্ট্রার অফিস ও রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে—নগরের বাসযোগ্যতা ও টেকসই উন্নয়নের জন্য পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক ও জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি।
এতে ড্যাপ-এ প্রস্তাবিত স্থানের ভূমি ব্যবহার পরিবর্তন না করা, খাজনা আদায় সংক্রান্ত বিধি আরোপ এবং ক্রয়-বিক্রয় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
এর আগে ডিএনসিসির ৫ম বোর্ড সভায় বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সংস্থাটি মনে করে—প্রায় ১,৫০০ একর প্রস্তাবিত জলাধার, পার্ক ও খেলার মাঠ সংরক্ষণে উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।