ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ১:০৫ বিকাল

Link Copied!

টানা বর্ষণে রাজধানীর অন্যান্য এলাকার মতো যাত্রাবাড়ীতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রোববার (১২ জুলাই) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে প্রধান সড়ক, অলিগলি ও ফুটপাথের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুটপাথ ও সড়কের পাশে ব্যবসা করা অস্থায়ী দোকানিরা। বেচাকেনা কমে যাওয়ার পাশাপাশি দোকানের পণ্য নষ্ট হওয়ার শঙ্কায় দিন কাটছে তাদের।

সকালে যাত্রাবাড়ী, শহীদ ফারুক সড়ক, কাজলা, ধলপুর ও দনিয়া এলাকার বিভিন্ন স্থানে সড়কের পাশে পানি জমে ছোট ছোট জলাশয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে পথচারী ও যানবাহনের চলাচল ব্যাহত হয়। ফুটপাথের দোকানে পানি ঢুকে পড়ায় অনেক ব্যবসায়ীকে তড়িঘড়ি করে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।

যাত্রাবাড়ী মোড়ে ছাতা, ফল ও বিভিন্ন ভোগ্যপণ্যের অস্থায়ী ব্যবসায়ী আবদুল করিম বলেন, “সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মানুষ ঘর থেকে কম বের হচ্ছে, ক্রেতাও নেই বললেই চলে। এর মধ্যে দোকানের সামনে পানি জমে গেছে। এখন মালামাল রক্ষা করাই সবচেয়ে বড় চিন্তা।”

ফুটপাথে পোশাক বিক্রি করা সোহেল মিয়া বলেন, “বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। আজ কয়েকবার পণ্য সরাতে হয়েছে। বিক্রি না থাকায় দৈনিক খরচও উঠছে না।”

জুতা মেরামতের কাজ করা নয়ন দাস বলেন, “আজ দোকানই খুলতে পারিনি। যেখানে বসি সেখানে পানি উঠে গেছে। কখন বৃষ্টি কমবে, কখন দোকান খুলতে পারব—সেটাই জানি না।”

শুধু ব্যবসায়ীরাই নন, দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষও। সকালে অনেক অফিসগামীকে প্যান্ট গুটিয়ে কিংবা জুতা হাতে নিয়ে পানি পেরিয়ে বাসস্ট্যান্ডে যেতে দেখা যায়। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে অনেককে কয়েকটি বাস ছেড়ে দিতে হয়েছে।

রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বৃষ্টির দিনে আয় কয়েক গুণ কমে যায়। জলাবদ্ধতার কারণে যাত্রী ও ক্রেতা কম থাকায় দিন এনে দিন খাওয়া মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজও ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। ফলে যাত্রাবাড়ীসহ রাজধানীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক