ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৬, ৮:০১ সকাল

Link Copied!

পঞ্চগড়ে জনপ্রিয় ‘জোনাকি’ ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি ও বাজারজাত করার অভিযোগে মো. দুলাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) পঞ্চগড় সদর থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুলাল হোসেন পঞ্চগড় সদর উপজেলার কামাতপাড়া এলাকার মৃত আমিনুল হকের ছেলে। তিনি ‘দুলাল স্টোর’ নামে একটি দোকানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন।

কসমো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কসমো কনজ্যুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানটির নিবন্ধিত ‘জোনাকি’ ব্র্যান্ডের মশার কয়েলের অবিকল মোড়ক নকল করে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি জানতে পেরে কোম্পানি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়কে অবহিত করলে ২০২৫ সালের ১২ নভেম্বর অভিযান চালিয়ে ৭০ কার্টন নকল কয়েল জব্দ করা হয়। সে সময় অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকার করেছিলেন। তবে পরে তিনি মোড়কের নকশা পরিবর্তন করে পুনরায় একই ধরনের নকল পণ্য উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

কোম্পানির দাবি, স্থানীয় বণিক সমিতির মাধ্যমে একাধিকবার সতর্ক করা এবং নকল পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধের আহ্বান জানানো হলেও অভিযুক্ত তা উপেক্ষা করেন। পরে বাধ্য হয়ে কোম্পানি আইনি ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় ২ জুলাই পঞ্চগড় সদর থানায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৮২, ৪৮৬, ৪২০ ও ৪২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

কসমো কনজ্যুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রি লিমিটেড জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও ব্র্যান্ড জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে ভোক্তাদের শুধুমাত্র অনুমোদিত ডিলার ও পরিবেশকদের কাছ থেকে ‘জোনাকি’ ব্র্যান্ডের মশার কয়েল কেনার আহ্বান জানিয়েছে কোম্পানিটি।

Facebook Comments Box

আরও পড়ুন