নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবলু একই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবলু হোসেন দক্ষিণ দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পথে পুলের হাট এলাকায় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, আহত শিক্ষকের শরীরের ডান পাশে কিছু অংশ পুড়ে গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


