ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিহত অন্তত ১৮

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ । ১৩৩ জন

দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। আগুনের ভয়াবহ বিস্তার ঠেকাতে সরকার জরুরি অবস্থা ও ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছে। দাবানলের তাণ্ডবে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। এতে দুই অঞ্চলের প্রায় ৫০ হাজার একর এলাকা আগুনে ভস্মীভূত হয়েছে। খবর জানিয়েছে রয়টার্স।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক প্রাণঘাতী দাবানলে ক্ষতিগ্রস্ত বায়োবিও ও নুবলে অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেন। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) প্রেসিডেন্ট বোরিক বলেন, ‘এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।’ তিনি জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে রাতের কারফিউ জারি করা হয়েছে।

এর আগে চিলির নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো এক সংবাদ সম্মেলনে জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পরে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। রোববার এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ‘সব ধরনের সম্পদ প্রস্তুত রাখা হয়েছে’। জরুরি অবস্থা ঘোষণার ফলে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার। চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে বলেন, ‘আগামী কয়েকদিনে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা, আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলবে। আমরা এক অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি।’

এদিকে বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ২৫০টি বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

পৃথক প্রতিবেদনে বিবিসি জানায়, স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশিত হয়েছে। দীর্ঘমেয়াদি খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে একের পর এক ভয়াবহ দাবানল দেখা দিচ্ছে। চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি দাবানলের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী, যার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।