
টানা ভারী বর্ষণে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কের একটি অংশ ধসে পড়েছে। একই সঙ্গে দুই দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভারী বৃষ্টির মধ্যে পতেঙ্গা সি-বিচ পুলিশ বক্সের বিপরীত পাশে সড়কের প্রায় অর্ধেক অংশ ধসে পড়ে। এতে ধসে পড়া অংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কের অপর পাশ দিয়ে সীমিত আকারে যানবাহন চলাচল করছে।
এদিকে, টানা বৃষ্টিতে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পতেঙ্গা এলাকায় ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।