
বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত সাড়ে ৩টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বাজার এলাকায় উমা চন্দ্রের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।