
নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই দিন ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন। ভোরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে তাদের বসতির ওপর পড়ে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা আরাফাতুন গাছের নিচে চাপা পড়েন।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, চলমান কালবৈশাখী ঝড়ে দেশের বিভিন্ন স্থানে গাছ ভেঙে প্রাণহানির ঘটনা বাড়ছে। ঝড়ের সময় ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার জন্য সংশ্লিষ্টরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।