ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দক্ষ নেগোশিয়েটর গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক প্রস্তুতি কর্মসূচি সম্পন্ন হয়েছে। কপ৩১ সামনে রেখে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি, প্রশমন ও আন্তর্জাতিক দরকষাকষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রতি বছর কপ সম্মেলনের আগে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘বাংলাদেশ ডেলিগেশন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম–ইউএনএফসিসিসি কপ৩১’ শীর্ষক এ কর্মসূচি শেষ হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ (এনআইইসিসি) কর্মসূচিটির আয়োজন করে। কৌশলগত অংশীদার ছিল দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের জলবায়ুবিষয়ক উদ্যোগ ক্লাইমা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সরকারি আয়োজনে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে জলবায়ু নেগোশিয়েটরদের সক্ষমতা বৃদ্ধি ও কপের আলোচনা প্রক্রিয়াকে কেন্দ্র করে এ ধরনের আনুষ্ঠানিক প্রশিক্ষণ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।

কর্মসূচিতে সহযোগী অংশীদার হিসেবে ছিল বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস, ঢাকায় ব্রিটিশ হাইকমিশন-ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল), হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), সেভ দ্য চিলড্রেন এবং নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নাকম)। পরিবেশ অধিদপ্তর, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও রিসোর্স পারসনরাও এতে অংশ নেন।

কর্মসূচির সমন্বয় ও সহযোগিতা ব্যবস্থাপনায় নেতৃত্ব দেয় ক্লাইমা। সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়নে ভূমিকা রাখে সংস্থাটি।

প্রতি বছর কপের আগে প্রশিক্ষণ

কর্মসূচির কার্যকারিতা বিবেচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে প্রতি বছর কপ সম্মেলনের আগে এ প্রস্তুতি কর্মসূচি আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রতিনিধিদলের প্রস্তুতিকে নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় রূপ দেওয়া এবং জাতীয় জলবায়ু আলোচনায় ধারাবাহিকভাবে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বছর থেকে অভিজ্ঞ নেগোশিয়েটরদের নেতৃত্বে বিষয়ভিত্তিক দল গঠনের পদ্ধতিও চালু হচ্ছে। প্রতিটি দলে সহযোগী সদস্য যুক্ত থাকবেন। তাঁরা অভিজ্ঞ নেগোশিয়েটরদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক আলোচনা প্রক্রিয়া সম্পর্কে জানবেন এবং প্রস্তুতি ও আলোচনায় সহায়তা করবেন। এর লক্ষ্য অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রাখা, প্রাতিষ্ঠানিক জ্ঞান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দক্ষ নেগোশিয়েটর তৈরি করা।

জলবায়ু আলোচনায় বাংলাদেশের অগ্রাধিকার

দুই দিনের প্রশিক্ষণে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ ও প্যারিস চুক্তির আওতায় আলোচনা প্রক্রিয়া, কপ৩১-এর অগ্রাধিকার, জলবায়ু অর্থায়ন, অর্থায়নের নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্য, অভিযোজন, সহনশীলতা, ক্ষয়ক্ষতি, প্রশমন, কার্বন বাজার এবং ন্যায্য রূপান্তর নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি জলবায়ু কূটনীতি, কৌশলগত জোট গঠন, বাংলাদেশের অবস্থান নির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং নারী, শিশু ও তরুণদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়। অনুশীলনভিত্তিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু দরকষাকষির বাস্তব প্রস্তুতির ওপরও জোর দেওয়া হয়।

কর্মসূচিতে একটি সমন্বিত জাতীয় দল হিসেবে আলোচনায় অংশ নেওয়া, প্রমাণ ও তথ্যের ভিত্তিতে অবস্থান তৈরি করা এবং বাংলাদেশের অগ্রাধিকার, সম্ভাব্য সমঝোতার ক্ষেত্র ও আপসহীন অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি৭৭ ও চীন, আঞ্চলিক অংশীদার এবং অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, কেবল সম্মেলনে অংশগ্রহণ নয়, বরং আন্তর্জাতিক সিদ্ধান্তে প্রভাব রাখা এবং দেশের জন্য বাস্তব সুফল অর্জনকে সাফল্যের মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে যাঁরা ছিলেন

২৭ অক্টোবর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনিরা সুলতানা।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাকমের নির্বাহী পরিচালক ড. এস. এম. মুনজুরুল হান্নান খান, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের একজন প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ সোলায়মান হায়দার এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কোঅপারেশন লিসা-তানিতা গ্রেমিঙ্গার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন) ড. সাইমুম পারভেজ সশরীরে উপস্থিত হতে না পারলেও শুভেচ্ছা জানান এবং কর্মসূচির সাফল্য কামনা করেন।

২৮ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাডভাইজার এ এস এম মারজান নূর, যুগ্মসচিব মনিরা সুলতানা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিল আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনা দিতে প্রস্তুত ‘দ্য ক্লাইমেট নেগোশিয়েটরস গাইড’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন।

সমাপনী বার্তায় পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন, অভিযোজনের বৈশ্বিক লক্ষ্যের কার্যকর বাস্তবায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলের কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচারে বাংলাদেশের অগ্রাধিকার এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

নিয়মিত জ্ঞান বিনিময়, কারিগরি সমন্বয় এবং দক্ষ নেগোশিয়েটরদের একটি স্থায়ী জাতীয় পুল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দুই দিনের কর্মসূচি শেষ হয়। আন্তর্জাতিক জলবায়ু আলোচনার সঙ্গে দেশের বাস্তবায়ন চাহিদার সংযোগ জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক জলবায়ু কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্বের সক্ষমতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box

আরও পড়ুন

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ

তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে ডিএসসিসি

DSCC to Take Effective Measures to Control Tobacco Use

স্ট্রোকে দ্রুত চিকিৎসা কমাতে পারে পঙ্গুত্ব ও মৃত্যুঝুঁকি

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা নিয়ে কড়া নির্দেশনা

সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

স্পেন থেকে মরক্কোয় ফেরত পাঠানো ১৬ অভিবাসীর দলে বাংলাদেশিও

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত

ভরিতে সোনার দাম বাড়ল ২ হাজার ২১৬ টাকা