
চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক কৃষাণির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে নারায়ন (৩০) আহত হয়েছেন।
সোমবার (১১ মে) উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় হায়াতপুর গ্রামের পাটোয়ারী বাড়ির সামনে মাঠে শুকানো ধান আনতে যান পদ্মা রানী ও তার ছেলে নারায়ন। ধান গুছিয়ে নেওয়ার শেষ পর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে মা-ছেলে দুজনই মাঠে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। আহত নারায়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
মৃত পদ্মা রানী ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।
খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।