
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘণীভূত হয়ে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (২৮ মে) এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, তৈরি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এটি উপকূলের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্র এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌযান ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সাগরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এই সতর্কবার্তায় সমুদ্রগামী জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, যাতে জানমালের ক্ষয়ক্ষতি রোধ করা যায়।