
‘রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট’স ক্রিটিক্যাল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো ‘আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস ২০২৫’। দিনটি উপলক্ষে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটি যৌথভাবে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। ১৪ অক্টোবর সকালে রাজধানীতে স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন,
“ই-বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি। ই-বর্জ্য মাটিতে মিশে গিয়ে দূষণ সৃষ্টি করে, পানির স্তরকে বিষাক্ত করে তোলে। এসব বিষাক্ত উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, কিডনি ও প্রজনন ক্ষমতার ওপর মারাত্মক প্রভাব ফেলে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ—বুদ্ধিবিকাশে বাধা, শ্বাসকষ্ট ও ত্বকের রোগ দেখা দিতে পারে। তাই ই-বর্জ্য সঠিকভাবে সংগ্রহ, রিসাইকেল ও নিষ্পত্তি করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সরকার, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর এ সানি কর্পোরেট পর্যায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও কর্মীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অন্যদিকে, ই-রিভাইভ এর সিইও ওয়ালিদ খান ই-বর্জ্য ব্যবস্থাপনাকে একটি ব্যবসায়িক সম্ভাবনাময় খাত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন,
“সঠিক প্রযুক্তি ও উদ্যোগের মাধ্যমে ই-বর্জ্য রিসাইকেলিং একটি লাভজনক ও পরিবেশবান্ধব খাত হয়ে উঠতে পারে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল সবুজ সোসাইটির ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আজিজুন নাহার তমা। উপস্থিত অতিথিরা ই-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।