
আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনো আবহাওয়া প্যাটার্নের নতুন একটি ধাপ শুরু হতে পারে বলে সতর্ক করেছে World Meteorological Organization। সংস্থাটির আশঙ্কা, এর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যা চলমান তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলবে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়জুড়ে এল নিনো আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক গরম, খরা এবং চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে।
এর আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থাও সতর্ক করে বলেছিল, চলতি বছরের এল নিনো ইতিহাসের অন্যতম শক্তিশালী রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা এটিকে ‘সুপার এল নিনো’ হিসেবে উল্লেখ করছেন।
বিশেষজ্ঞদের মতে, এল নিনো ঠিক কখন শুরু হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। এ কারণে বিজ্ঞানীরা মধ্য প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে এর প্রভাব সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়।
এল নিনো হলো এমন একটি আবহাওয়াগত ঘটনা, যা বাতাসের প্রবাহের পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সৃষ্টি হয়। এর প্রভাব বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় পড়ে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
আসন্ন এল নিনো নিয়ে যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বিজ্ঞানী Adam Scaife বিবিসিকে বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, বড় একটি এল নিনো আসছে। এটি রেকর্ডগড়া হতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য এই শক্তিশালী এল নিনো বিশ্বব্যাপী আবহাওয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে তাপপ্রবাহ ও চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় দেশগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।