
সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার হঠাৎ শুরু হওয়া তীব্র ধুলিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীসহ অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকার জনজীবন। প্রবল বাতাসের সঙ্গে ধুলোর ঘূর্ণি সৃষ্টি হওয়ায় সড়কে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। এ পরিস্থিতিতে সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা প্রবল বাতাসের কারণে তৈরি হওয়া ধুলিঝড় সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ধুলা-আবহে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন শ্বাসকষ্ট ও অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা। তাই তাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আবুধাবি পুলিশ এক সতর্ক বার্তায় চালকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। বলা হয়েছে, “ধুলিযুক্ত পরিস্থিতিতে গাড়ি চালানোর সময় ভিডিও তোলা বা ফোনে কথা বলা বিপজ্জনক হতে পারে। সবার উচিত বাড়তি সতর্কতা অবলম্বন করা।”
এছাড়া দেশটির উপকূলীয় অঞ্চলগুলোতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে উচ্চমাত্রার আর্দ্রতা যুক্ত হয়ে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি করছে।
প্রশাসনের পক্ষ থেকে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।